হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে। সফল অস্ত্রোপচারের পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রী। বর্তমানে বাড়িতে পরিবারের সদস্যদের যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
নুসরাতের টিম জানিয়েছে, দুর্ঘটনার পর কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে। তবে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার সফল হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন তিনি।
এক বিবৃতিতে নুসরাতের টিম জানায়, অভিনেত্রী এখন আপনজনদের ভালোবাসা ও যত্নের মধ্যে থেকে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। আপাতত শারীরিক শক্তি ফিরে পাওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন তিনি।
অভিনেত্রীর টিম আরও জানায়, এই কঠিন সময়ে নুসরাতের পাশে থাকার জন্য অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ তারা। অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে যারা ভালোবাসা, শুভকামনা ও প্রার্থনা জানিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
শুটিংয়ের কাজে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন নুসরাত। এতে তার মেরুদণ্ডে চোট লাগে। প্রথমে বালির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়। সেখানে অস্ত্রোপচারের পর এখন বাড়িতে থেকেই সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন অভিনেত্রী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187633