১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপনের নির্দেশ

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপনের নির্দেশ

‎মোটরসাইকেলের পেছনে ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনের দিকেও ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় এ নম্বরপ্লেট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি (RFID) যুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। তবে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করতে পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপন করতে হবে।

‎বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। যেখানে সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা বা অতিরিক্ত শোভাবর্ধনের সুযোগ থাকবে না।
‎
‎নির্দেশনায় স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের জন্য আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে।

‎স্কুটার মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। নম্বরের ফন্টের উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

‎অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য সাধারণ মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা অনুসরণ করে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187587