তাজমিনের কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজারে গ্রেপ্তারের পর কারাগারে থাকা কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। আদালতের সিদ্ধান্তে কক্সবাজার সদর থানায় এ মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি নন কক্সবাজার সদর থানার পুলিশ কর্মকর্তারা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার সদর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে একজন আইনজীবী রাজুই তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার এনেছিল এবং ধর্ষণ করেছে বলে অবহিত করেছেন। একই সঙ্গে তাজমিনের বয়সের বিষয়টিও জানানোর পর আদালত ধর্ষণ মামলা দায়েরের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে একজন আইনজীবী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে গত রোববার রাজুকে আটকের পরদিন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান বলেছিলেন, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল রাজুর। এক পর্যায়ে গত ৬ অক্টোবর ভোরে কক্সবাজার পৌঁছে তাজমিন। পরে ওই দিন তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন।
পরদিন দুপুরে বাসযোগে একা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয় তাজমিন। পরে সেখানে পৌঁছার পর সে হত্যাকাণ্ডের শিকার হন। রোববার রাত ৯টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার বেলা ১২টার দিকে কুমিল্লা পুলিশের একদল কক্সবাজার সদর থানায় গিয়ে রাজুকে নিয়ে কুমিল্লার দিকে যাত্রা দেওয়া হলেও জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187578