বগুড়ার ধুনটে যমুনার তীরে মাদ্রাসাছাত্রকে বলাৎকার, অটোচালক গ্রেফতার

বগুড়ার ধুনটে যমুনার তীরে মাদ্রাসাছাত্রকে বলাৎকার, অটোচালক গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে যমুনা নদীর তীরে নিয়ে ১০  বছর বয়সের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাবিল হোসেন (২০) নামে এক অটোভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। হাবিল হোসেন উপজেলার শিমুলবাড়ী গ্রামের চপল আলীর ছেলে।  এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি এলাকায় যমুনা নদীর তীরে এ ঘটনা ঘটে। বলাৎকারের শিকার শিশুটি শিমুলবাড়ি গ্রামের এক কৃষকের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্র।

মামলার সূত্রে জানা যায়, বুধবার মাদ্রাসা থেকে বাড়ি ফিরে শিশুটি সন্ধ্যা বেলায় বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় হাবিল হোসেন কয়েকজন শিশুকে অটোভ্যানে ঘোরানোর কথা বলে বাড়ির কাছ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে নিয়ে যান।

সেখানে যাওয়ার পর ওই শিশুকে বলাৎকার করে হাবিল হোসেন। এসময় শিশুটি ব্যথা পেয়ে কান্না করতে করতে বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা ধুনট থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হাবিল হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতারের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187562