পাঠ্যপুস্তকে নীতি নৈতিকতার কিছুটা ঘাটতি আছে: মাসুদ সাঈদী
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, পাঠ্যপুস্তকে নীতি নৈতিকতার কিছুটা ঘাটতি রয়েছে। যে কারণে বাচ্চারা ছোটবেলা থেকে নীতি নৈতিকতা শিখতে পারছে না। বাবা মা ধর্মীয় কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তবে তা খুব সামান্য। বাচ্চাদের নীতি নৈতিকতা না শেখানোর কারণে তারা বড়ো হয়ে নানা অপরাধ, অপকর্ম ও দুর্নীতিতে জড়িত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পিরোজপুর সদর উপজেলা শহীদ ওমর ফারুক মিলনায়তনে প্রশাসনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আন্দোলন করি অথচ মাদ নিয়ে আল্লাহর ঘোষণা কি সেটা তো তাদেরকে বুঝাতে পারিনি। তাহলে ছেলেগুলো ভালো হবে কিভাবে? এসব ছেলেদের ভালো বানানোর জন্য তো একটা প্রক্রিয়া লাগবে।
তিনি শিক্ষকদের অনুরোধ করে বলেন, ক্লাস নেওয়ার পাশাপাশি বাচ্চাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে নীতি নৈতিকতার শিক্ষা দেবেন। বার বার যখন একটা বিষয়ে বোঝানোর চেষ্টা করবেন, তখন সেটা বাচ্চার বুঝতে এবং শিখতে পারবে। এরপর সে নিজেকে তৈরি করতে পারবে।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187555