ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২
চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে কুপিয়ে আহত করে প্রায় সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ধাওয়া করে দুজনকে আটক করেছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে চা বাগানে ফেরার পথে বাগানের প্রবেশগেটের কিছুটা আগে একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যাংক থেকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা উত্তোলন করে চা বাগানে ফিরছিলেন ম্যানেজার ও সহকারী ম্যানেজার। পথে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। একপর্যায়ে তাঁদের কুপিয়ে রক্তাক্ত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া করে দুজনকে আটক করেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার সময় মসজিদের পাশে চা বাগানের ম্যানেজারের ওপর হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187551