গাজীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

গাজীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের প্রাণনাশের হুমকির কারণে দুই দিন ঘরবন্দি থাকার পর স্বজনদের সহায়তায় আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থানায় গিয়ে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

ভুক্তভোগী ওই নারী (২০) শেরপুর জেলার বাসিন্দা। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হানু মার্কেট এলাকায় ভাড়া থেকে স্থানীয় ডিবিএল গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামীও তার সঙ্গে একই বাসায় থাকেন।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ছয় মাস ধরে তারা ওই এলাকার হারুন অর রশিদ নামে এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা বাসা বদল করার সিদ্ধান্ত নেন। গত সোমবার (১২ অক্টোবর) বাড়ির মালিক হারুনকে তিন মাসের অগ্রিম ভাড়া পরিশোধ করে আসবাবপত্র ও মালামাল সরানোর কাজ শুরু করেন।

অভিযোগ অনুযায়ী, মালামাল সরানোর সময় স্থানীয় ফারুক ও নয়ন নামের দুই যুবক তাদের বাসায় এসে স্বামীকে জোর করে ডেকে নিয়ে যান। দীর্ঘ সময় পর সন্ধ্যার দিকে তার স্বামী বাসায় ফিরে আসেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে ফারুক ও নয়নের সঙ্গে অচেনা আরও দুই যুবক তাদের ঘরে ঢুকে পাওনা টাকার অজুহাতে স্বামীকে মারধর শুরু করে। একপর্যায়ে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে গলায় ধারালো ছুরি ধরে ও দুই পা বেঁধে চার যুবক মিলে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর স্বামী জানান, ‘আমাকে পাশের কক্ষে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয় এবং বলা হয় আমার স্ত্রী টাকা আনতে গেছেন। পরে স্ত্রীর ঘরে গিয়ে তার ওপর হওয়া অমানুষিক নির্যাতনের কথা জানতে পারি। আমরা বের হতে চাইলে অভিযুক্তরা আমাদের প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে দুই দিন ঘরে অবরুদ্ধ থাকার পর আত্মীয়স্বজনের সহায়তায় থানায় আসি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিষয়টি জানার পর থানার পরিদর্শক (তদন্ত)-কে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187548