কুড়িগ্রামের রাজারহাটে নারিকেলের জোড়া ৩শ’ টাকা
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার আনন্দের মাঝেও নারিকেলের বাড়তি দাম দুশ্চিন্তা বাড়িয়েছে পূজারি ও মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের। পূজার অন্যতম অনুষঙ্গ নারিকেলের নাড়ু তৈরি থেকে শুরু করে ধর্মীয় আচার-অনুষ্ঠান সব ক্ষেত্রেই প্রয়োজন হয় নারিকেলের। অথচ উৎসবের আগে বাজারে এর দাম বেড়ে দাঁড়িয়েছে জোড়া ২৫০ থেকে ৩শ’ টাকা। সেপ্টেম্বরের শুরুতে যে নারিকেলের জোড়া ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। এখন তা কিনতে গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ টাকা।
জানা যায়, রংপুর বিভাগের আট জেলায় এবার ৫ হাজার ৩৫৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে শুধু রাজারহাট উপজেলায় ১২৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি মণ্ডপে গড়ে ৮০ থেকে ১০০টি বা তারও বেশি নারিকেল প্রয়োজন হয়। এর বাইরে পূজা উপলক্ষে অনেক পরিবারও ১০ থেকে ৫০টি পর্যন্ত নারিকেল কেনে। ফলে উৎসব ঘিরে চাহিদা বাড়লেও দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।
রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নিতাই চন্দ্র রায় বলেন, দুর্গাপূজায় নারিকেলের নাড়ুর বিশেষ কদর রয়েছে। নিমন্ত্রিত অতিথিরাও নাড়ু খুঁজে থাকেন। তাই দাম বেশি হলেও মানুষ সাধ্যমতো নারিকেল কিনছেন। এছাড়াও অন্যান্য পূজার উপকরণের দাম বাড়ায় মন্দির কমিটিগুলোকে ব্যয় সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, শারদীয় দুর্গাপূজায় নারিকেল সবচেয়ে বেশি কেনাবেচা হয়। তাই দাম অন্যান্য মৌসুমের তুলনায় একটু বেশি। তারপরও নিয়মিত বাজার মনিটরিং করছি। যদি কোন ব্যবসায়ী খুব দাম বেশি নেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187545