গণতন্ত্রকে গলা টিপে হত্যা বিএনপি-ছাত্রদলের ঐতিহ্য: ডাকসু জিএস

গণতন্ত্রকে গলা টিপে হত্যা বিএনপি-ছাত্রদলের ঐতিহ্য: ডাকসু জিএস

ক্যাম্পাসে গণতন্ত্র চর্চা বাধাগ্রস্ত করার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। তিনি বলেছেন, ক্যাম্পাসে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা বিএনপি ও ছাত্রদলের ঐতিহ্য।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ভোলা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএম ফরহাদ অভিযোগ করেন, ভোলা সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও তা বানচাল করতে ছাত্রদল বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে বিচ্ছিন্ন সংগঠনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডাকসুর জিএস আরও বলেন, ক্যাম্পাসে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার রাজনীতি বন্ধ করতে হবে। অন্যথায় তরুণেরা ভবিষ্যতে সংশ্লিষ্টদের ‘মোনাফেক’ হিসেবে চিনবে বলে মন্তব্য করেন তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন এসএম ফরহাদ। তাঁর ভাষ্য, দেশে এখন কোনো স্বপ্ন নেই। রাজনীতিবিদেরা বড় বড় কথা বলেন, কিন্তু ক্ষমতায় গিয়ে লুটপাট করেন। তেলের দাম বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক প্রচার সম্পাদক কামরুল হাসান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. পারভেজ, ভোলা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা সদর উপজেলা জামায়াতের আমির কামাল হোসেন, ভোলা শহর ছাত্রশিবিরের সভাপতি হাসনাইন আহমেদ, সাধারণ সম্পাদক তাহসান সোহেল এবং ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আল আমিন ও সেক্রেটারি মো. কামরুল হাসান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187518