রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের আগুনের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক
শহর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) বগুড়া জেলার অস্থায়ী কার্যালয়ে গতকাল বুধবার রাতে আগুনের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দলটির বগুড়া মহানগরের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্যে দলটির আহবায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ বলেন, বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলায় আলতাফুন্নেছা খেলার মাঠের পাশে অবস্থিত এনসিপি কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের আগুনের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়া কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা কখনোই গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদস্য সচিব সুলতান মাহমুদ বলেন, সহিংসতা, আগুন কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতাকে দমিয়ে রাখা যায় না। বগুড়াসহ সারা দেশে সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিরোধের সমাধান হতে হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে। আইনগত পদক্ষেপ নেওয়া হবে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-জেলা এনসিপি’র সাংগঠনিক সম্পাদক (দপ্তর) মাইনুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আবদুস সবুর সুমন, সাংগঠনিক সম্পাদক এফএম মাহমুদুল হক রাকিব, সদস্য আল মুক্তাদির আহমেদ দ্বীপ, জেলা ছাত্রশক্তি’র সদস্য সচিব সৈকত আলীসহ ছাত্র ও যুবশক্তির নেতৃবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187503