পরিবহনে নিষ্ঠুরতা ও মৃতছাগলের মাংসের বাজার
ছাগলের মাংস, যা সাধারণত খাসির মাংস" নামে পরিচিত, বিশ্বের বিভিন্ন প্রান্তে অত্যন্ত জনপ্রিয়। এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণ হলো এর স্বাদ, পুষ্টিগুণ এবং সহজলভ্যতা। ছাগলের মাংস প্রোটিনের ভালো উৎস এবং এতে চর্বির পরিমাণ তুলনামূলকভাবে কম, যা স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এটি আরও প্রিয় করে তুলেছে।
শহর ও গ্রামের উভয় জায়গাতেই ছাগলের মাংসের বাজার প্রবৃদ্ধি লক্ষ্যণীয়। উচ্চমূল্য থাকা সত্ত্বেও এর স্বাদ এবং স্বাস্থ্য উপকারিতার কারণে মানুষ এটি ক্রয় করতে আগ্রহী। তাছাড়া, রেস্টুরেন্ট ও হোটেলগুলোতেও ছাগলের মাংসের খাবারের চাহিদা ক্রমাগত মানুষের অন্যতম পছন্দের খাবার। গ্রামাঞ্চলে ছাগল পালন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম, যা শহরের মাংসের বাজারে সরবরাহ করা হয়।
তবে, এই বাজারজাতকরণের পদ্ধতি অনেক সময় নিষ্ঠুর এবং অনৈতিকভাবে পরিচালিত হয়, যা শুধু ছাগলদের জন্য নয়, মানুষের জন্যও নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। গ্রাম থেকে শহরে ছাগল পরিবহনের সময় তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। ছাগলগুলোকে পরিবহনের জন্য ট্রাক, বাসের নিচের বক্স, বা অন্যান্য অস্বাস্থ্যকর ও সংকীর্ণ স্থানে গাদাগাদি করে নিয়ে যাওয়া হয়।
দীর্ঘ সময় ধরে এমন পরিবেশে থাকার ফলে ছাগলগুলো প্রচন্ডশারীরিক কষ্ট সহ্য করতে বাধ্য হয়। গরম, বাতাসের অভাব এবং অতিরিক্ত গাদাগাদির ফলে অনেক ছাগল অসুস্থ হয়ে পড়ে, এমনকি মৃত্যু হয়। এই নিষ্ঠুর ব্যবস্থাপনার মাধ্যমে ছাগল পরিবহন করা নৈতিকতার চরম লঙ্ঘন। এর চেয়েও ভয়াবহ সমস্যা হলো, এসব মৃত ছাগলও বাজারে বিক্রি হয়ে যায়। মৃত ছাগলের মাংস হোটেল বা মাংসের দোকানে নিমেষেই বিক্রি হয়, যা সম্পূর্ণ বেআইনি এবং মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।
সাধারণ মানুষ মৃত ছাগলের মাংস এবং তাজা মাংসের পার্থক্য না বুঝে তা কিনে নেন এবং নিজেদের অজান্তেই স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। এই মাংস খাওয়ার ফলে খাদ্য বিষক্রিয়া, পেটের সংক্রমণ, এবং দীর্ঘমেয়াদে শারীরিক জটিলতার মতো মারাত্মক সমস্যা দেখা দেয়। এই প্রক্রিয়া শুধু মানুষ ও ছাগলের ক্ষতির কারণ নয়, এটি বাজার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও কমিয়ে দেয়। খাদ্য নিরাপত্তা ও নৈতিক ব্যবসার অভাব সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এই সমস্যার সমাধানে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
ছাগল পরিবহনের সময় তাদের জন্য পর্যাপ্ত স্থান, খাদ্য এবং বিশ্রামের সুযোগ রাখা উচিত। মৃত ছাগল বাজারে বিক্রির বিরুদ্ধে কঠোর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এছাড়া, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, যাতে তারা মৃত মাংস ও তাজা মাংসের পার্থক্য বুঝতে পারেন। ছাগলের মাংসের বাজারকে আরও স্বচ্ছ, মানবিক এবং স্বাস্থ্যকর করতে সরকারি তত্ত্বাবধান, নৈতিক ব্যবসা পদ্ধতি, এবং ভোক্তা সচেতনতা জরুরি। তবেই এই প্রিয় খাদ্য মানুষের কাছে নিরাপদ এবং ন্যায়সঙ্গত থাকবে।
লেখক : শিক্ষার্থী রাজশাহী কলেজ