২০২৭ সাল পর্যন্ত থাকতে পারে ডিজেলের সংকট

২০২৭ সাল পর্যন্ত থাকতে পারে ডিজেলের সংকট

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৭ সাল পর্যন্ত ডিজেলের সরবরাহ সংকট থাকতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বুধবার প্রকাশিত সংস্থাটির মাসিক তেলবাজার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইইএ জানিয়েছে, মধ্যপ্রাচ্য এবং রাশিয়ার মধ্যকার সংঘাতের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে ডিজেলের বাজার আগামী বছরের অনেক সময়জুড়ে সংকটে থাকতে পারে। ফলে তৈরি হওয়া উচ্চ মূল্য মূল্যস্ফীতি বাড়াবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।

আইইএ’র মতে, সংকট থেকে বের হয়ে আসার বিষয়টি পুরোপুরি নির্ভর করবে মধ্যপ্রাচ্য থেকে ডিজেল সরবরাহ স্বাভাবিক হওয়ার ওপর। যদি দেশগুলো আগের মতো সরবরাহ নিশ্চিত করতে পারে, তাহলেই কাটবে সংকট।

গুরুত্বপূর্ণ নৌপথগুলো বিঘ্নিত হওয়ায় উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি কমে গেছে। পাশাপাশি ইরানের পাল্টা হামলায় ওই অঞ্চলের কয়েকটি দেশের তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গত কয়েক সপ্তাহে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

এ পরিস্থিতির মোকাবিলায় একাধিক দেশের সরকার জ্বালানি কর কমিয়েছে বা এই খাতে ভর্তুকি দিয়েছে। কয়েকটি দেশ তাদের কৌশলগত মজুত থেকে জ্বালানি বাজারে ছেড়েছে। তবে এসব মজুত আবার পূরণ করার বাধ্যবাধকতা রয়েছে।

আইইএ পূর্বাভাসে জানিয়েছে, আগামী বছরের প্রথম তিন মাসে তেল পরিশোধনাগারগুলো যুদ্ধ-পূর্ববর্তী সক্ষমতায় ফিরবে। ফলে ওই সময়ে চাহিদার তুলনায় ডিজেলের সরবরাহ বেশি হতে পারে। তবে এই বাড়তি উৎপাদন ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া ঘাটতি মেটাতে যথেষ্ট হবে না।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187440