লালন সাঁইয়ের তিরোধান দিবসে শিল্পকলার বিশেষ আয়োজন

লালন সাঁইয়ের তিরোধান দিবসে শিল্পকলার বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক : বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে নিজের সত্তাকে উপলব্ধি করতে শেখায়, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই বিশেষ ‘লালন স্মরণানুষ্ঠান’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিল্পী ও গবেষক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্মসচিব ও মহাপরিচালক (অ. দা.) মোহাঃ হারুন-অর-রশীদ।

আলোচনা সভা শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পরিবেশনায় এতে ফকির লালন সাঁইয়ের গান পরিবেশন করবেন দেশের প্রখ্যাত লালন শিল্পীবৃন্দ।

অন্যদিকে, দিবসটি স্মরণে লালনের নিজ গ্রাম কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতেও ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী বিশেষ স্মরণোৎসব ও মেলার আয়োজন করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187395