গাজীপুরের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
মফস্বল ডেস্ক: গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সকাল ১০টার দিকে লাগা এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ যোগ দেয়।
কারখানার ইউনিট-২-এর চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। এতে ওষুধ কারখানাটির দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য জানা যায়নি। সেই সঙ্গে ক্ষতির পরিমাণের বিষয়ে নিশ্চিত তথ্য মিলেনি।
আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি, উত্তরা ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি এবং পূর্বাচল ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। এ ছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট (HAZMAT)টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187378