বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে ৫১ রোগী
স্টাফ রিপোর্টার : বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মন্ডল (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাসিন্দা।
আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর।
শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, আনন্দ মন্ডল দুই দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ডেঙ্গুজনিত বিভিন্ন জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বলেন, শজিমেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে বগুড়া জেলায় ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187372