ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত বুঝে পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
ঢাবি প্রতিনিধি : সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের যাবতীয় তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
আজ বুধবার (১৪ অক্টোবর ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য-উপাত্ত হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের কাছে শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মধ্য দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।
তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তরের এ প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের একাডেমিক ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187364