মেসির রেকর্ড ভাঙার রাতেও হতাশ বায়ার্নের কেইন

মেসির রেকর্ড ভাঙার রাতেও হতাশ বায়ার্নের কেইন

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে ছয়বারের ইউরোপসেরা বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে ইতিহাস গড়েছে নরওয়ের ক্লাব ভাইকিং। দুই গোলে পিছিয়ে পড়েও হ্যারি কেইনের জোড়া গোলে ম্যাচে ফিরেছিল বায়ার্ন। পরে লুইস দিয়াজের গোলে এগিয়েও যায় তারা। কিন্তু মাইকেল ওলিসের লাল কার্ডের পর ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র আদায় করে নেয় ভাইকিং।

২০১৮ সালেও নরওয়ের দ্বিতীয় বিভাগে খেলেছে ভাইকিং। সেই দলটিই এবার ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ক্লাব প্রতিযোগিতায় বায়ার্নের মতো শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিল। ১৯৯২-৯৩ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমেই এমন সাফল্য পেল তারা। ম্যাচের শুরু থেকেই চমক দেখায় ভাইকিং। খেলা শুরুর মাত্র ৭১ সেকেন্ডে কর্নার থেকে হেডে গোল করেন জিয়ানি স্টেনসনেস। এরপর ৩৮ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন পিটার ক্রিস্টিয়ানসেন।

দুই গোলে পিছিয়ে পড়ে অবশ্য দ্রুত ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে ব্যবধান কমান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ছয় মিনিট পর বক্সের পেছনের পোস্টে হেডে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নকে সমতায় ফেরান তিনি। কেইনের জোড়া গোলে ম্যাচে ফেরার পর লুইস দিয়াজের সহজ ট্যাপ-ইনে এগিয়ে যায় বায়ার্ন। মনে হচ্ছিল, শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়বে জার্মান জায়ান্টরা। কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় মাইকেল ওলিসের লাল কার্ডে।

একই পর্বে দুটি হলুদ কার্ড দেখেন ওলিস। এর মধ্যে ভাইকিংয়ের এক খেলোয়াড়ের মুখের দিকে বল ছুড়ে মারার ঘটনাও ছিল। ৭৩ মিনিটে দশজনে পরিণত হওয়া বায়ার্নকে চাপে ফেলে এরপর আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকেরা। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় হারমান হাউগেনের হেডে সমতায় ফেরে ভাইকিং। পেছনের পোস্টে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি। তাতে নিশ্চিত হয় নরওয়ের ক্লাবটির স্মরণীয় এক ড্র।

এই ম্যাচে গোল করে আরেকটি ব্যক্তিগত রেকর্ড গড়েছেন কেইন। ৩০ বছর বয়স পার করার পর চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা এখন ৪০ ম্যাচে ৩৬। এতে লিওনেল মেসির ৩৫ গোলের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। টুর্নামেন্টে টানা নয় ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন ইংলিশ স্ট্রাইকার। এই তালিকায় তার আগে রয়েছেন রুড ফন নিস্টেলরয়, রবার্ট লেভানডফস্কি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা ১১ ম্যাচে গোল করে সবার ওপরে রোনালদো।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187356