পঞ্চগড়ে পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সরকারি সার পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ একটি মাহিন্দ্র গাড়ি জব্দ করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সাতখামার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে সাতখামার এলাকায় অবস্থিত নুরনবী এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২০ বস্তা ডিএপি সার একটি মাহিন্দ্র গাড়িতে তোলা হয়। পরে সারগুলো পাশের আটোয়ারী উপজেলায় নেওয়া হচ্ছিল।
এসময় বিষয়টি জানতে পেরে স্থানীয় সাবেক কাউন্সিলরসহ এলাকাবাসী গাড়িটি আটক করেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ গাড়িটি জব্দ করে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে নিয়ে যায়।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ঘটনাটি তদন্ত ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. রবিউল ইসলাম। সরকারি সার বিতরণ সংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের দায়ে নুরনবী এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠানটির সার বিক্রয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ডিলারশিপ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জু ইসলাম, স্থানীয় সাবেক কাউন্সিলরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জব্দ করা ১২০ বস্তা ডিএপি সার পরবর্তী সময়ে স্থানীয় সাধারণ ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187324