কক্সবাজার থেকে ইয়াবা ও কুড়িগ্রাম থেকে গাঁজার চালান ঢুকছে বগুড়ায়, ডিএনসি’র দেড় হাজার অভিযানে গ্রেফতার ৬৬৪ কারবারি
স্টাফ রিপোর্টার : বগুড়ায় অভিনব কায়দায় পাচার হয়ে আসছে মাদক। কক্সবাজার সীমান্ত থেকে ইয়াবা আর কুড়িগ্রাম ও লালমনিরহাট থেকে বগুড়ায় ঢুকছে গাঁজার চালান। বিভিন্ন বাসে যাত্রী সেজে,বডি ফিটিং করে, স্কুল ব্যাগে লুকিয়েসহ বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য আনা হচ্ছে। এছাড়া বিভিন্ন ট্রাকে পণ্যের মধ্যে লুকিয়েও মাদকের চালান পাচার করা হচ্ছে।
মহাসড়কে চেক পোস্ট বসিয়ে যানবাহনে যাত্রীবেশী মাদক কারবারিদের তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা গত ৮ মাসে এক হাজার ৪৫৬টি মাদক বিরোধী অভিযান চালিয়েছে।
এসব অভিযানে ৬০ হাজার ৪৮৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২১ কেজি ৫১৪ গ্রাম গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার, ৬৬৪ জন মাদক কারবারিকে গ্রেফতার ও ৬৪২টি মাদক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪ হাজার ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,১২৩ লিটার চোলাইমদ, ৩৪০ লিটার ওয়াশ, ৬ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেনসিডিল, ৪ হাজার ২৬০ এ্যাম্পুল বুফ্রেনরফিন,৩ বোতল স্কাফ ডিএক্স, ২১ লিটার দেশিমদ, ১টি গাঁজার গাছ।
এছাড়া মাদক কেনা-বেচার এক লাখ ৯৯ হাজার ৫০ টাকা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ৪টি মোটর সাইকেল, ২টি কার্গো ট্রাক, একটি সিএনজি চালিত অটোরিকশা, একটি ইজিবাইক, ৬৯টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, বগুড়ায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বাস, কাভার্ডভ্যান ও ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছে।
দকোন কোন বাস যাত্রী পরনের আন্ডারওয়ার, স্কুল ব্যাগে, জুতার মধ্যে, পায়ে এ্যাংক্লেট লাগিয়ে এর মধ্যে লুকিয়েসহ বিভিন্ন কায়দায় মাদক নিয়ে আসছে। ডিএনসির উপপরিচালক বলেন, সড়ক পথে সবচেয়ে বেশি আসে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট।
কুড়িগ্রাম ও লালমনিরহাটের ভারত সীমান্ত থেকে গাঁজা ও কক্সবাজারে মিয়ানমার সীমান্ত থেকে কারবারিরা বেশি আনে ইয়াবার চালান। এছাড়া দিনাজপুরের হিলি সীমান্ত থেকেও মাঝে মধ্যে নকল ইয়াবা ও ফেনসিডিল আনছে কারবারিরা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে কারাবারিদের গ্রেফতার করা হচ্ছে।
চলতি বছরের জানুয়ারি থেকে আগষ্ট পর্যন্ত গত ৮ মাসে ডিএনসি বগুড়ার সদস্যরা ওই পরিমাণ বিভিন্ন মাদকসহ ৬৬৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মোট মামলা দায়ের করা হয়েছে ৬৪২টি। শুধু মহাসড়ক নয়, বগুড়ার বিভিন্ন মাদক স্পটেও নিয়মিত অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হচ্ছে তালিকাভুক্ত কারবারিদের। গত ৮ মাসে মোট এক হাজার ৪৫৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। ডিএনসির এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187304