রংপুরের মিঠাপুকুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার

রংপুরের মিঠাপুকুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর জেলার মিঠাপুকুর থানায় কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি মো: সাঈদ মিয়াকে(১৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাঈদ মিয়া মিঠাপুকুর থানার গিরাই গ্রামের হাফিজার রহমানের ছেলে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি ১৩ জানায়, ভুক্তভোগী কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। গত ১১জুন কিশোরী তার ফুফুর বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়। কিশোরীকে খোঁজাখুঁজির সময় তার বাবা জানতে পারেন যে, গত ১১ জুন বিকেলে অভিযুক্ত সাঈদ মিয়া ও তার কয়েকজন সহযোগী ওই কিশোরীকে একটি অটোবাইকে অপহরণ করে নিয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা গত ১১ অক্টোবর মিঠাপুকুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-৪, মানিকগঞ্জের যৌথ আভিযানিক দল গতকাল সোমবার রাতে ঢাকা জেলার সাভার থানার রংপুরিয়া বাজার (রাজফুলবাড়ীয়া) এলাকায় অভিযান পরিচালনা করে মো: সাঈদ মিয়াকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187277