হুথির হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ঘুরছেন যুবরাজ সালমান
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা জোরালো হওয়ায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাকে এক সুরক্ষিত প্রাসাদ থেকে অন্য প্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
খবরে বলা হয়েছে, যুবরাজকে এমন কয়েকটি প্রাসাদে রাখা হচ্ছে, যেগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা ও বাঙ্কার রয়েছে। তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বিশেষভাবে বাছাই করা একটি দল।
সর্বশেষ গত মঙ্গলবার (৬ অক্টোবর) জনসমক্ষে দেখা গিয়েছিল ৪১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানকে। সেদিন তিনি একটি জাতীয় রক্তদান কর্মসূচিতে রক্ত দিয়েছিলেন। এরপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। যুবরাজের চলাফেরা সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এদিকে সৌদি আরবে গত ১০ অক্টোবর গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। দেশটির রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ ঘটনায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অনেকের অবস্থা গুরুতর। ইরান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সংঘাতগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র বা উপসাগরীয় অঞ্চলে দেশটির মিত্রদের ওপর চালানো হামলাগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী।
ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। গত পাঁচদিনে বিমানবন্দরটি চারবার হামলার শিকার হয়েছে। পরিস্থিতির অবনতির মধ্যে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হামলার ভয়াবহতা বিবেচনায় সৌদি আরবের পাল্টা প্রতিক্রিয়াও ‘সমান গুরুতর’ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন। সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187238