ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর

ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর

মফস্বল ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাতে উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নিজেই স্ত্রীকে হত্যার কথা জানান অভিযুক্ত স্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া নিয়ে সন্দেহ এবং পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার দিবাগত রাতে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের পর গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আব্দুল মান্নান মনিরকে আটক করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187233