অবশেষে উত্তরাকাশে ডানা মেলল অপরূপা কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড় প্রতিনিধি : এর আগে দুইদিন অল্প সময়ের জন্য দেখা দিয়েই আবার মিলিয়ে গিয়েছিল। তবে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সূর্যোদয়ের পর থেকে মেঘমুক্ত আকাশে ডানা মেলেছে অপরূপা কাঞ্চনজঙ্ঘা। মৌসুমের প্রথম কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে সারাদিনই। স্থানীয়দের মাঝে তেমন একটা আগ্রহ না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেইজে সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এমন খবরে কিছু পর্যটক সোমবারই তেঁতুলিয়ায় হাজির হয়। মঙ্গলবার সকালে তারা উত্তর আকাশে চোখ বুলাতেই তাদের সামনে হাজির হয় মোহনীয় কাঞ্চনজঙ্ঘা। অনেকে প্রথম বারেরমত কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে।
বগুড়া থেকে পরিবারের সঙ্গে আসা আব্দুল কাদের বলেন, কয়েক বছর থেকে শুনে আসছি কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন। তবে আমরা সোমবার তেঁতুলিয়ায় এসে পরের দিনই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। সূর্যোদয়ের পর এক ঝিলিক দেখা দিয়ে হারিয়ে যায়। ঘন মেঘ এসে কিছু সময়ের জন্য ঢেকে রাখে। হতাশা কেটে কিছুক্ষণের মধ্যে আবারও দেখা দেয় কাঞ্চনজঙ্ঘা। এরপর থেকে সারাদিনই উপভোগ করেছি। তেঁতুলিয়া এসে মহানন্দার পাড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা।
এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে গত কিছুদিন ধরে পর্যটকদের আনাগোনা বেড়েছে তেঁতুলিয়ায়। কাঞ্চনজঙ্ঘার দেখা না পেয়ে তারা ঘুরে দেখছেন মহানন্দা নদীর তীর, বিস্তীর্ণ চা-বাগান ও সীমান্তঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন স্থান। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে তারা মহাখুশি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ থাকে। আকাশ ও আবহাওয়া পরিষ্কার থাকায় আজ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখা যাচ্ছে। তবে পর্যটকদের অবশ্যই আকাশের অবস্থা খেয়াল করে আসতে হবে। তাহলে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা সম্ভব হবে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন বলেন, শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা পঞ্চগড়ে বেড়াতে আসেন। একই সঙ্গে অনেকে কাঞ্চনজঙ্ঘা দেখতেও আসেন। পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এরইমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187223