দিল্লির যন্তর মন্তরে ঢোকার চেষ্টা, আটক সিজেপি’র দুই নেতা
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে নিরাপত্তাবেষ্টনী ভেঙে প্রবেশের চেষ্টার অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আটক ব্যক্তিরা হলেন-দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস, জাতীয় মুখপাত্র অশুতোষ রাঙ্কা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে বাতিল করার পর সেখানে জড়ো হন সিজেপির নেতাকর্মীরা। তারা নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে সেখানে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। সিজেপির নেতা অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিন নেতাকে আটকের কথা জানান। তিনি লেখেন, জাতীয় পতাকা হাতে দলের নেতাকর্মীরা ভোরে যন্তর মন্তরে প্রবেশ করেছিলেন। পরে পুলিশ তাদের আটক করে। যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিলেও প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে বাতিল করার সিদ্ধান্তের সমালোচনা করেন দিপকে। তার অভিযোগ, বিক্ষোভস্থল বাতিল করে প্রতিবাদ বন্ধ করা যাবে না। কংগ্রেস নেতা জয়রাম রমেশও সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তার অভিযোগ, যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার মধ্য দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ সীমিত করা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতা নিয়েও উদ্বেগ জানান তিনি।
সোমবার জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে যন্তর মন্তরকে দিল্লিতে বিক্ষোভ ও সমাবেশের নির্ধারিত স্থান হিসেবে বাতিল করার কথা জানানো হয়। এর পরিবর্তে তিনটি স্থানকে বিক্ষোভের জন্য নির্ধারণ করেছে দিল্লি পুলিশ। স্থানগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান ও পূর্ব দিল্লির সিবিডি ময়দান।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নাগরিকদের বিক্ষোভ ও সমাবেশের বিকল্প স্থান নির্ধারণে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187217