আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

আজ ১৩ অক্টবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।

‎গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‎
‎বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও দিবসটি যথাযথ গুরুত্বের সঙ্গে পালিত হবে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। দিবসটি উদ্যাপনের উদ্দেশ্য তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ নামের এ ভূখণ্ডটি প্রকৃতির সঙ্গে এক নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস বহন করে।
‎
‎বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থান, দেশের বুক চিরে প্রবহমান অসংখ্য নদনদী, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং বিশাল জনগোষ্ঠীর সৃষ্ট চাপ সব মিলিয়ে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিধস, অগ্নিকাণ্ড, ভূমিকম্প প্রভৃতি দুর্যোগ এখানে অনিবার্য বাস্তবতা। এমন প্রেক্ষাপটে মানুষ যখন হতবিহ্বল হয়ে পড়ে তখনই পাশে এসে দাঁড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগের দুর্ভোগ প্রশমনে প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে মানুষকে শান্তি ও স্বস্তি দেওয়াই দিবসটি পালনের উদ্দেশ্য।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187205