জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারসংলগ্ন ডালিম ফিলিং স্টেশন এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক সড়কের ডালিম ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহির ওয়াসিফ মিতুল উপজেলার আলমপুর ইউনিয়নের সহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিতুল মোটরসাইকেলযোগে ক্ষেতলাল থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে বের হওয়ার সময় একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মিতুলের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মিতুল জয়পুরহাট সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187188