বগুড়ায় মেস থেকে যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের সূত্রাপুর এলাকায় একটি মেস থেকে আবু বক্কর শাহীন (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা স্টেডিয়াম ফাঁড়ির এসআই মিজানুর রহমান মিজান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে শাহীনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর মর্গে পাঠান। এ রিপোর্ট তৈরির সময় তার শরীরে কোন আঘাতের চিহৃ দেখা যায়নি।
তার মৃত্যুর সঠিক কারন জানতে ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়। আজ তার ময়না তদন্ত সম্পন্ন হবে। ময়না তদন্ত হলে তার মৃত্যুর কারন জানা যাবে। তিনি আরো বলেন, তিনি সুত্রাপুরে ঈদগাহ’র দক্ষিণে ডা: তবিবর রহমানের মেসে ভাড়া থাকতেন।
তিনি তার রুমে দরজা ও জানালা বন্ধ করে বৈদ্যুতিক কোন কাজ করছিলেন। এসময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে স্থানিয়রা জানান। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া থানায়। তিনি ওই বাড়িতে মেস ভাড়া করে একাকী বসবাস করতেন। মৃত যুবক শাহীন নাফিয়া এন্টারপ্রাইজ বাস সার্ভিসের বগুড়া ঠনঠনিয়া বাস কাউন্টারে চাকরি করতেন।
মৃত শাহিনের স্ত্রী আতিকা তাসনিম সামিহা বলেন, ভালোবাসার সম্পর্ক থেকে তিনি ও শাহীন বছর খানিক আগে বিয়ে করেন। তিনি সেউজগাড়ী এলাকায় বাবার বাসায় থাকেন এবং ওই মেসে ঘর ভাড়া করে থাকতেন শাহীন। গতকাল রোববার রাতে সর্বশেষ তার স্বামীর সাথে কথা হয় তার।
আজ সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে মোবাইল ফোনে যোগাযোগ করতে না পারায় ওই মেসে গিয়ে তিনি ও প্রতিবেশীদের সাথে নিয়ে ঘরে দেখেন তার স্বামীর লাশ পড়ে আছে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন বলে স্থানীয়রা বললেও তার মৃত্যুর সঠিক কারন জানতে ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠনো হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187181