পাবনার সুজানগরে ১ কেজি শিমের দামে মিলছে ২ কেজি চাল
সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত দামে শিম বিক্রয় হচ্ছে। আর শিমের বর্তমান এ বাজারে ১ কেজি শিমের দামে ২ কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে। জানা যায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতি কেজি মৌসুমী শিম বিক্রয় হচ্ছে ১শ’ থেকে ১২০ টাকা দরে।
অথচ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০টাকা দরে। এ হিসেবে ১ কেজি শিমের দামে ২ কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে। সুজানগর পৌর বাজারের চাল ব্যবসায়ী সাহেব আলী বলেন, বর্তমানে হাট-বাজারে চালের বাজার বেশ চড়া।
কিন্তু তার পরও হাট-বাজারে চালের চেয়ে শিমের দাম আরও চড়া। বর্তমান বাজারমূল্যে ১ কেজি শিমের দামে ২ কেজি চাল পাওয়া যাচ্ছে। উপজেলার কাদোয়া গ্রামের স্কুল শিক্ষক আলমগীর হোসেন বলেন, বর্তমানে চালের বাজার চড়া হলেও নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে।
কিন্তু প্রতি কেজি শিমের দাম ১শ’ থেকে ১২০টাকা হওয়ায় নিম্নআয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না। এমনকি শিমের বর্তমান বাজারে সচ্ছল পরিবারের লোকজনও তা কিনতে হিমশিম খাচ্ছে। পৌর বাজারের সবজি ব্যবসায়ী লিটন প্রামাণিক বলেন, সুজানগরের হাট-বাজারে বর্তমানে শিমের আমদানি কম। সেকারণে দাম বেশি। আমদানি বাড়লে দাম কমে যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187178