ফেসবুকে অস্ত্র প্রদর্শন করে ‘ভাইরাল’ সুইট বাহিনীর প্রধানসহ গ্রেফতার ২, বার্মিজ চাকু উদ্ধার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বার্মিজ চাকু ও পিস্তল প্রদর্শন করে জনমনে আতংক সৃষ্টির ঘটনায় কিশোর গ্যাং এর সুইট বাহিনীর প্রধান সুইটসহ দুইসদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম তাদেরকে গ্রেফতার করে।
গতকাল সোমবার বেলা ১২ টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংকালে ডিবি বগুড়ার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার জানান, সুইট নামে এক কিশোর জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য তার হাতে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু ও একটি পিস্তল নিয়ে বিশেষ ভঙ্গিমায় প্রদর্শন করে তার সহযোগীদের সহায়তায় ভিডিও করে ফেসবুকে আপলোড করলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ ভাইরাল হয়।
বিষয়টি প্রশাসনসহ জ্যৈষ্ঠ নাগরিকদের দৃষ্টি গোচর হলে পুলিশ সুপার বগুড়ার নির্দেশে ডিবির একটি টিম তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে গতকাল রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে এসআই মোঃ রুবেল প্রামানিকের নেতৃত্বে ডিবির ওই টিমটি জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকা হতে কিশোর গ্যাং সুইট বাহিনীর প্রধান মোঃ এরিন আহম্মেদ সুইট (১৯) ও তার সহযোগী মো. মিরাজুল (১৯)কে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু ও অপরাধের কাজে ব্যবহৃত একটি ১৫০ সিসি রেজিষ্ট্রেশন বিহীন পালসার মোটর সাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। তবে পিস্তলটি উদ্ধার করা যায়নি। পিস্তল উদ্ধারসহ সুইট বাহিনীর অন্যান্য সদস্যকে গ্রেফতার করতে অভিযান চলছে।
ধৃত এরিন আহমেদ সুইট শাজাহানপুরের ফুলকোর্ট মধ্যপাড়ার এরশাদুল রহমানের ছেলে ও মো, মিরাজুল বিলকেশপাথার এলাকার সাইফুল ইসলামের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এস আই ইফতেখার বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধেশাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187158