চাঁপাইনবাবগঞ্জে ২৪ টি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এবং জেলা শহর থেকে পৃথক ঘটনায় ২৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এসব ঘটনায় কেউ আটক হয়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে মহারাজপুর ইউনিয়নের মুন্সিটোলা মন্ডলপাড়া এলাকার একটি লেবুবাগানে মাটির নিচে তিনটি গর্ত করে ৩টি লাল রঙের বালতিতে পুঁতে রাখা লাল রঙের স্কচটেপ মোড়ানো ১৭টি ককটেল এসআরবির বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়।
সূত্রগুলো জানায়, এলাকাবাসী ওই বাগানে সন্দেহজনক ৩টি নতুন গর্ত ও ককটেল রাখা ৩টি বালতি দেখতে পেলে বেলা ৩টার দিকে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে এরআরবি-৫ রাজশাহীর বোম্ব ডিসেপাজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাতে ককটেলগুলো উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, এর আগে দুপুর ১২টার দিকে জেলা শহরের জোড়গাছি নতুন মহল্লা এলাকায় তিন রাস্তার মোড়ে সড়কের পাশে একটি নির্মাণাধীণ বাড়ির সামনে ঘাসের উপর এলোমেলোভাবে ছড়িয়ে রাখা ৭টি ককটেল দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, কে বা কারা কেন ওই দুই স্থানে ককটেলগুলো মজুত করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এসব ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187154