রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
রাজবাড়ীর দৌলতদিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক করেছে ডিবি পুলিশ।
আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- মূল মাদক কারবারি যশোরের বেনাপোল পোর্টের গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), ট্রাকচালক দিঘীপাড়ার মৃত কাওসার আলীর ছেলে মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং চালকের সহকারী কাগমারীর মো. মালেক মোড়লের ছেলে মো. আরিফ হোসেন (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ চেকপোস্ট বসিয়ে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় যানবাহনে তল্লাশি চালায়। এক পর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী ঢাকা-মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুট বোঝাই একটি টাটা কার্গো ট্রাকে তল্লাশি করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, ওই ট্রাকে তল্লাশির সময় চালকের পেছনে শুয়ে থাকা রমজানের মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মূল মাদক কারবারি, ট্রাকচালক ও তার সহকারীসহ তিনজনকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সামছুল হক, পাংশা সার্কেলের কর্মকর্তা রাকিবুর রহমান, জেলা ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187127