মেসির চোখে আগামীর সেরা ১০ তারকা যারা
স্পোর্টস ডেস্ক : অ্যাডিডাস তাদের ‘মেসি +১০’ ক্যাম্পেইনের তৃতীয় মৌসুমের সূচনা করেছে। এই অভিযানে বিশ্ব ফুটবলের উদীয়মান সেরা ১০ জন প্রতিশ্রুতিশীল তরুণ তারকাকে বেছে নিয়েছেন ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ক্যাম্পেইনের একটি ভিডিও পোস্ট করে ‘অ্যাডিডাস ফুটবল’ লিখেছে, একটি গড়ে ওঠা ঐতিহ্য, পরের অধ্যায় শুরু হচ্ছে এখান থেকেই। দেখা করুন ‘মেসি +১০’-এর তৃতীয় মৌসুমের উদীয়মান তারকাদের সঙ্গে। মেসির সংকলিত এই তালিকায় স্থান পেয়েছেন সাতজন পুরুষ ও তিনজন নারী ফুটবলার।
পুরুষ খেলোয়াড়দের মধ্যে সবার নজর কাড়ছেন আর্সেনালের ১৬ বছর বয়সী ইংলিশ প্রতিভা ম্যাক্স ডাউম্যান। তালিকায় স্থান পেয়েছেন মেসির স্বদেশি ও বোকা জুনিয়র্সের তরুণ প্রতিভা তোমাস আরান্দা। এছাড়া রয়েছেন টিজুয়ানা তারকা গিলবার্তো মোরা, যিনি ইতিমধ্যেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাকে দলে ভেড়াতে দৌড়ে এগিয়ে রয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
মেসির বেছে নেওয়া ১০ তরুণ প্রতিভা
তোমাস আরান্দা (আর্জেন্টিনা-বোকা জুনিয়র্স)
জান উজুন (তুরস্ক-আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট)
গিলবার্তো মোরা (মেক্সিকো-টিজুয়ানা)
ম্যাক্স ডাউম্যান (ইংল্যান্ড-আর্সেনাল)
জেভিয়ের গুজ (যুক্তরাষ্ট্র-ক্রিস্টাল প্যালেস)
হেসুস রদ্রিগেজ (স্পেন-কোমো)
কিস স্মিট (নেদারল্যান্ডস-এজেড আলকমার)
ক্লোই সারোই (ইংল্যান্ড-চেলসি)
জিওভানা ওয়াক্সম্যান (ব্রাজিল-অলিম্পিক লিওঁ)
লোটা ফ্রিডে (জার্মানি-হামবুর্গ)