লিভারপুলের ঘরের মাঠে বড় জয় ম্যানচেস্টার সিটির

লিভারপুলের ঘরের মাঠে বড় জয় ম্যানচেস্টার সিটির

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। অ্যানফিল্ডে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা। তবে মাঠের এই সাফল্যের আড়ালেও সিটির সামনে ঝুলছে বড় শাস্তির শঙ্কা-যার মধ্যে থাকতে পারে প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কার, অবনমন কিংবা রেকর্ড পয়েন্ট কেটে নেওয়ার মতো শাস্তি।

এই জয়ে টেবিলের শীর্ষে তিন পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে এনজো মারেস্কার দল। রায়ান গ্রাভেনবার্খ লাল কার্ড দেখায় ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া লিভারপুল শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে। ম্যাচ শুরুর আগে থেকেই সিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন লিভারপুল সমর্থকেরা। আর্থিক অনিয়মে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি সামনে এনে ‘প্রতারক’ বলে দুয়ো দিতে থাকেন তারা।

গ্যালারিতে দেখা যায়, ‘এক প্রজন্মের সমর্থকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে’ এমন বার্তাসংবলিত ব্যানারও। জবাবে সিটির সমর্থকেরা ক্লাবের মালিকপক্ষের প্রতি আস্থা জানিয়ে ‘খালদুনের ওপর আমাদের বিশ্বাস আছে’ লেখা পতাকা প্রদর্শন করেন। তবে গ্যালারির উত্তাপ মাঠের খেলায় শুরুতে খুব একটা প্রভাব ফেলেনি। প্রতিকূল পরিবেশ সামাল দিতে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ধীরগতিতে খেলতে থাকে সিটি। অন্যদিকে, আক্রমণে কার্যকর হতে পারেনি লিভারপুলও। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পর অবশ্য ম্যাচে গতি বাড়ে। লিভারপুলের ভিক্টর মুনোজ ও গ্রাভেনবার্খের প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। অন্য প্রান্তে, গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে পাঠিয়ে হতাশায় মাথায় হাত দেন আর্লিং হালান্ড। অবশেষে ৬৫ মিনিটে গোলের দেখা পায় সিটি। দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন হালান্ড। তিন মিনিট পর বদলি হিসেবে নামা জেরেমি ডোকু ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ শটে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৭৮ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে সিটির তৃতীয় গোলটি করেন রায়ান শেরকি। তার দুর্দান্ত দক্ষতায় লিভারপুলের রক্ষণ ভেঙে পড়ে, নিশ্চিত হয় সিটির বড় জয়।

তার আগেই অবশ্য (৬২ মিনিটে) ডোকুকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রাভেনবার্খ। একজন কম নিয়ে খেলার চাপে লিভারপুল আর ঘুরে দাঁড়াতে পারেনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187076