অনলাইন জুয়া ও মাদকের বিস্তার থেকেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি- অতি:পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রায়হান উদ্দিন মুরাদ বলেছেন, অনলাইন জুয়া ও মাদকের বিস্তারের কারণেই বর্তমান সমাজে কিশোর গ্যাংয়ের উৎপত্তি হচ্ছে। কিশোর গ্যাং, মাদক এবং সন্ত্রাস নির্মূল করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আপনারা নির্দ্বিধায় গোপনে পুলিশকে তথ্য দিবেন।
বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দিচ্ছি, তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ এবং শাস্তি নয়, সংশোধন অপরাধ হবে দমন’ শ্লোগানকে সামনে রেখে আজ রোববার (১১ অক্টোবর) বিকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাজাহানপুর থানা কমিউনিটি ফোরাম আয়োজিত ‘বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাঝিড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে আইনশৃঙ্খলা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল। শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের কোষাধ্যক্ষ মিজানুর রহমান সোহেলের সঞ্চালনা মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহম্মদ জাফর আলমগীর, সহ-সভাপতি রোটারিয়ান মেছবাউল আলম, মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, কমিউনিটি পুলিশিং অফিসার এস.আই আবু জাররা, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মাঝিড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশিং ফোরাম এবং জনগণের যৌথ অংশগ্রহণের বিকল্প নেই। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি অপরাধমুক্ত শান্তিময় সমাজ গঠনই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও আপামর জনসাধারণ উপস্থিত থেকে এলাকার আইন শৃংখলা বিষয়ক নানা সমস্যা তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187063