সারা দেশে এক হাজার নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : ত্রাণমন্ত্রী
লালমনিরহাট প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে গতিশীল করা, তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশে এক হাজার নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। গতকাল শনিবার বিকেলে লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে তুলতে গ্রাম থেকে শহর পর্যন্ত সব খেলার মাঠ সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন খেলার মাঠের অভাবে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদক থেকে দূরে রাখতে নতুন মাঠ নির্মাণের মাধ্যমে তাদের খেলাধুলায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187056