বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উন্নয়নে ৬শ’ কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : এমপি বাদশা
স্টাফ রিপোর্টার : উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সুন্দর করতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সার্বিক উন্নয়নে প্রায় ৬০০ কোটি টাকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় কলেজে আয়োজিত একটি ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল করিম বাদশা বলেন, সরকারি আজিজুল হক কলেজ আমার অহংকার ও গর্বের জায়গা। প্রাক্তন ছাত্র হিসেবে এই প্রতিষ্ঠানের প্রতি আমার গভীর আবেগ ও দায়বদ্ধতা রয়েছে। তিনি জানান, শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঐতিহ্যবাহী কলেজটিকে একটি নান্দনিক ও আধুনিক বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার বিশেষ নির্দেশনা দিয়েছেন।
প্রকল্পের ব্যাপ্তি ও বরাদ্দের বিষয়ে তিনি বলেন, পূর্বে এই কলেজের উন্নয়নে সাড়ে তিনশ কোটি টাকার একটি পরিকল্পনা করা হয়েছিল। তবে আধুনিকায়ন ও নতুন চাহিদা বিবেচনায় তা সংশোধন করে বর্তমানে প্রায় ৬০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের নানামুখী পদক্ষেপ তুলে ধরে তিনি আরও জানান, শিক্ষা খাতে রেকর্ড বরাদ্দের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিদেশে যাওয়ার সুবিধার্থে বিনা সুদে ও বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষাওষুধ বা ঋণের ব্যবস্থা রাখা হয়েছে।
বগুড়ার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে এমপি বাদশা বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় অনুমোদনের কাজ শেষ হয়েছে, যেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি চিকিৎসা, বিজ্ঞান ও কৃষি বিভাগ থাকবে। এছাড়া বগুড়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক বিজনেস জোন, শিল্প পার্ক এবং সিটি কর্পোরেশন বাস্তবায়নের মাধ্যমে পুরো অঞ্চলকে একটি প্রধান অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া চলছে।
জাতীয় পর্যায়ে কলেজের সাম্প্রতিক একাডেমিক ফলাফলের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সাফল্যের ধারাবাহিকতায় আজিজুল হক কলেজ শিগগিরই দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করবে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর শামসুল আলম পাশাসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার মিয়া, সহকারী প্রকৌশলী মো. সবুজ মিয়া এবং আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব ও সদস্য সচিব রাকিবুল আল-আমিনসহ স্থানীয় নেতাকর্মী ও গুণীজনেরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187051