বগুড়ার ইয়াকুবিয়া মোড়ে নির্মিত হচ্ছে স্থায়ী ট্রাফিক বক্স

বগুড়ার ইয়াকুবিয়া মোড়ে নির্মিত হচ্ছে স্থায়ী ট্রাফিক বক্স

শহর প্রতিনিধি: বগুড়ার ইয়াকুবিয়া স্কুল মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে সহায়তার জন্য স্টিলের ফ্রেমের গোলাকৃতির একটি স্থায়ী ট্রাফিক বক্স নির্মাণ করা হচ্ছে। আজ রোববার (১১ অক্টোবর) সকাল থেকে এর কাজ শুরু হয়েছে। তীব্র রোদ, ঝড়-বৃষ্টি ও যানজটের সময়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ এই স্থাপনার চাহিদা জানিয়েছিল। এর আগে গত আগস্টে যানজট কমাতে ও বিশৃঙ্খল ইউটার্ন বন্ধ করতে পরীক্ষামূলকভাবে বাঁশের বেড়া দিয়ে লেন বিভাজক তৈরি করেছিল ট্রাফিক পুলিশ।

জলেশ্বরীতলার ইয়াকুবিয়া মোড় মহানগরের অন্যতম ব্যস্ত পয়েন্ট। এখান থেকে সাতমাথা, জলেশ্বরীতলা, কানুছগাড়ী ও থানা মোড়ের সড়কগুলোতে প্রতিনিয়ত তীব্র যানজট লেগে থাকে। বিশেষ করে স্কুল শুরু ও ছুটির সময় শত শত রিকশা, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চাপ একসঙ্গে বাড়ে। সড়কে অবৈধ পার্কিং ও যত্রতত্র ইউটার্ন জট আরও দীর্ঘস্থায়ী করে তোলে।

নিয়মিত যাতায়াতকারী অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, জলেশ্বরীতলা ও ইয়াকুবিয়া মোড় হয়ে সাতমাথা বা অন্যান্য প্রান্তে ৫ মিনিটের পথ পেরোতে ২০ থেকে ৩০ মিনিট বা তারও বেশি সময় লাগে। ফুটপাতে দোকানপাটের কারণে হাঁটাও কঠিন। ছুটির সময় যানবাহনের জটলায় ছাত্রীদের রাস্তা পারাপারে বেগ পেতে হয়, ফলে অভিভাবকেরা সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন।

অনেক অভিভাবক অভিযোগ করেন, মোড়ের আশপাশে নির্দিষ্ট ড্রপ-অফ বা পিক-আপ জোন না থাকায় জট আরও বাড়ে। রোদ, ঝড় ও বৃষ্টির মধ্যেই ট্রাফিক সদস্যদের দায়িত্ব পালন করতে হয়। স্থায়ী বক্স হলে তাদের অন্তত মাথা গোঁজার ঠাঁই মিলবে এবং উপস্থিতিও আরও দৃশ্যমান হবে।

বগুড়া সদর ট্রাফিক বিভাগের ইনচার্জ টিআই (প্রশাসন) মো. সালেকুজ্জামান খান জানান, প্রধান সড়কগুলোর যানজট নিরসনে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। ফুটপাত দখলমুক্ত রাখতে ও অবৈধ যান উচ্ছেদে মাঝেমধ্যে বিশেষ অভিযানও চালানো হয়।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মুহাম্মদ আবু সাঈদ জানান, ইয়াকুবিয়া মোড়ের বক্সটি সরাসরি সিটি কর্পোরেশন বাস্তবায়ন না করলেও এতে কোনো বাধা নেই। এতে ট্রাফিক পুলিশ সদস্যদের কাজ সহজ হবে। পাইলট প্রকল্পের অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে স্থায়ী ট্রাফিক বক্স স্থাপনের কাজ শিগগিরই শুরু হবে।

প্রকল্প সফল হলে ধাপে ধাপে মহানগরের আরও গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন বক্স বসানো হবে। তিনি আরও জানান, মাস্টার প্ল্যানে প্রধান সড়কগুলোতে সোলার প্যানেলে চলা এলইডি সড়কবাতি ও সিসিক্যামেরা বসানো হবে, যা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তা করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187049