বগুড়ায় ‘দ্যা গ্র্যান্ড হ্যাভেলি’ রেস্টুরেন্টে যৌথ অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘দ্যা গ্র্যান্ড হ্যাভেলি’ রেস্টুরেন্টে যৌথ অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের অভিজাত এলাকা জলেশ্বরীতলাস্থ ‘দ্যা গ্র্যান্ড হ্যাভেলি’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আজ রোববার (১১ অক্টোবর)  দুপুর সাড়ে ১২ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে কর্মকর্তারা রেস্টুরেন্টটিতে একাধিক গুরুতর অনিয়ম দেখতে পান।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- রান্নাঘরের ভেতরের পরিবেশে প্রচুর তেলাপোকা, প্রস্তুতকৃত খাবার পরিবেশনের প্লেট ও চামচের সাথে জুতা ও ঝাড়ু রাখা, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার খোলা অবস্থায় একসাথে সংরক্ষণ করা, খাদ্য তৈরিতে নোংরা পরিবেশ এবং কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা পোশাক ব্যবহার না করা।

বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদি হাসানসহ এসময় সহকারী কর্মকর্তা  মো. আব্দুল কাদেরসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187048