বগুড়ার শিবগঞ্জে বিদেশে লোক পাঠানোর টাকা নিয়ে বিরোধ, সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত

বগুড়ার শিবগঞ্জে বিদেশে লোক পাঠানোর টাকা নিয়ে বিরোধ, সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জে বিদেশে লোক পাঠানোর টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে  দোকানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। এ ঘটনায়  থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ী গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে ব্যবসায়ী জিয়াউর রহমান তার চাচা নজরুল ইসলামের আত্মীয়তার পরিচয়ে পার্শ্ববর্তী কালাই উপজেলার জামুরা পূর্বপাড়া গ্রামের মুসা ফকিরের ছেলে মহনকে ১ মাস আগে সৌদি আরবে চাকরির জন্য পাঠান।

উভয় পক্ষের টাকা লেনদেনকে কেন্দ্র করে গত ৫ অক্টোবর বিকেলে শোলাগাড়ী বাজারে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়। শোলাগাড়ী গ্রামের ব্যবসায়ী জিয়াউর রহমান, নাছিম উদ্দিন, বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন ও নাইম অপর পক্ষের মুসা মিয়া ও কোরাইশী গুরুত্বর আহত হয়। এঘটনায় জিয়াউর রহমানের বড় ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে তার ভাইকে মারপিট ও দোকানে হামলার ঘটনায় থানায় ৭ জনের নাম উল্লেখ করে আজ রোববার (১১ অক্টোবর) থানায় মামলা দায়ের করেন।

এব্যাপারে ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, আমার চাচা নজরুল ইসলামের আত্মীয়কে ৭ লাখ টাকা চুক্তি মোতাবেক সৌদিতে বৈধ ভিসার মাধ্যমে তার আত্মীয়কে চাকুরির জন্য পাঠানো হয়। সে চাকরিও পেয়েছে, বেতনও পাচ্ছেন। নগদ ২ লাখ টাকা আমি পেয়েছি। অবশিষ্ট ৫ লাখ টাকা বিদেশে পাঠানোর পর পরিশোধ করার কথা, টাকা চাইলে তারা তালবাহানা করতে থাকে।

গত ৫ অক্টোবর ক্ষিপ্ত হয়ে এসে আমার দোকানে হামলা চালিয়ে দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং মারপিট করে আহত করে।  এব্যাপারে নজরুল ইসলাম বলেন, আমার আত্মীয়কে বিদেশে পাঠিয়েছে কিন্তু যে ভিসায় পাঠানোর কথা ছিল তা না পাঠিয়ে অন্য ভিসায় পাঠানোর কারণে সে সামান্য বেতনে চাকুরি করছেন।

সে আমার আত্মীয়’র নিকট থেকে আবারও টাকার দাবি করছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/187028