দিল্লিতে বিধিনিষেধ শিথিল করার নির্দেশ সুপ্রিম কোর্টের

দিল্লিতে বিধিনিষেধ শিথিল করার নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে আরোপ করা বিধিনিষেধ শিথিল করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একান্ত প্রয়োজন ছাড়া সব ব্যারিকেড সরিয়ে জনসাধারণের চলাচল স্বাভাবিক করতে বলেছেন আদালত। একই সঙ্গে ইন্টারনেট বন্ধ না রাখা এবং রেল ও মেট্রো পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন বন্ধ রাখা ও ট্রেন চলাচল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের শুনানিতে এসব নির্দেশ দেওয়া হয়। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠি আবেদনটি করেছিলেন। আদালত জানায়, জনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। তবে এর ফলে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

এর আগে গত ৯ অক্টোবর অন্য একটি মামলার শুনানিতে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচল বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে নতুন করে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানিতে বলেন, নাগরিকদের প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে আইন মেনে চলতে হবে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ‘আপনাদের প্রতিবাদ করার অধিকার রয়েছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রতিবাদের পদ্ধতি অবশ্যই আইনের মধ্যে থাকতে হবে।’ আবেদনকারীকে উদ্দেশ করে বিচারপতি বাগচি বলেন, প্রতিবাদ করার অধিকারকে পুলিশ আইনের ঊর্ধ্বে বলে দাবি করা যায় না। সূত্র : এনডিটিভি

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186971