বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড

বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের বিব্রতকর রেকর্ডে নাম উঠলো বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের। তার বড় ভুলে ম্যাচ শুরুর মাত্র ৮.৪ সেকেন্ডেই গোল খেয়ে বসে জার্মান জায়ান্টরা। শেষ পর্যন্ত দুইবার পিছিয়ে পড়েও আউসবুর্গের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল।

আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরে শুরুতেই বিপাকে পড়ে বায়ার্ন। ম্যাচের কিক-অফ থেকে আসা বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে ভুল করেন অভিজ্ঞ গোলরক্ষক ন্যুয়ার। ভুল শুধরাতে গিয়ে বল মেরে দেন আউসবুর্গের রবিন ফেলহাউয়ারের গায়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে বল নিয়ে এগিয়ে যান ফেলহাউয়ার, এরপর জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। বুন্দেসলিগায় এর আগে দ্রুততম গোলের রেকর্ড ছিল ৯ সেকেন্ডের। হফেনহাইমের হয়ে কেভিন ফোলান্ড এবং বায়ার লেভারকুসেনের হয়ে করিম বেলারাবি যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন। এবার সেই রেকর্ডে ভাগ বসালো আউসবুর্গ।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় বায়ার্ন। হ্যারি কেইনের তিনটি প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি। মাইকেল অলিসের নিচু শটও ঠেকিয়ে দেন আউসবুর্গ গোলরক্ষক ফিন ডাহমেন। বিরতির আগে কেইনের একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে দারুণ এক আক্রমণে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বায়ার্ন। লুইস দিয়াজের অসাধারণ ভলিতে ইসমায়েল সাইবারির ক্রস থেকে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বায়ার্নকে। বিরতির পর ১০ মিনিটের মধ্যেই সমতা ফেরায় তারা। জশুয়া কিমিখের উঁচু করে বাড়ানো পাস থেকে বল পান কেইন। ইংল্যান্ড অধিনায়ক বল বাড়িয়ে দেন সাইবারিকে, যিনি লক্ষ্যভেদ করে স্কোরলাইন ১-১ করেন। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই আবার পিছিয়ে পড়ে বায়ার্ন। এবারও আলোচনায় নিউয়ের। বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে ক্যালভিন ব্র্যাকেলম্যান শট নিলে তা ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারেননি বায়ার্ন গোলরক্ষক। বল চলে আসে বক্সের মাঝখানে দাঁড়িয়ে থাকা রদ্রিগো রিবেইরোর সামনে। সহজ সুযোগ কাজে লাগিয়ে আউসবুর্গকে আবার এগিয়ে দেন তিনি।

৭৩ মিনিটে কেইনের পাস থেকে গোল করেছিলেন সার্জ নাব্রি। কিন্তু অফসাইডের কারণে সেই গোলও বাতিল হয়। এরপর কেইনের আরেকটি প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন ডাহমেন। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে আবারও ত্রাতার ভূমিকায় কেইন। এবার তার পাস থেকে বায়ার্নের হয়ে নিজের প্রথম গোল করেন নাথানিয়েল ব্রাউন। তাতে ২-২ সমতায় ফেরে স্বাগতিকেরা।

শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। নাব্রির একটি শট পোস্টে লাগে। অলিস ও টম বিশফের প্রচেষ্টাও আটকে দেন আউসবুর্গ গোলরক্ষক। ফলে আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ের পরও বুন্দেসলিগার শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে বায়ার্ন। শুক্রবার ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষেও ২-২ গোলে ড্র করেছিল ডর্টমুন্ড।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186963