নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় হাসিব সরদার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিব সরদার উপজেলার চৌগ্রাম পারুহার মহল্লার আবুল সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ভ্যানে করে মাছ বিক্রির জন্য রনবাঘায় যান হাসিব। মাছ বিক্রি শেষে ভ্যান নিয়ে চৌগ্রামে বাড়ি ফেরার পথে বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে নাটোর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হাসিব।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186945