কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র পুশ ইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি
মফস্বল ডেস্ক : কুষ্টিয়া সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। আজ রোববার (১১ অক্টোবর) সকালে সীমান্তের ঠোটারপাড়া বিওপি এলাকায় এ চেষ্টা চালানো হয়। তবে বিজিবি’র প্রতিরোধের মুখে তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীন ঠোটারপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ’র উদয় কিষাণ ক্যাম্প কর্তৃক অজ্ঞাত পরিচয়ের ৪ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়।
তবে বিজিবি’র সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফ’র চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে, বিজিবি’র দৃঢ় অবস্থানের মুখে সকাল ৮টার দিকে বিএসএফ ওই ৪ নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এছাড়াও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186944