২৬ বছর অবহেলায় সরকারি জিপ

২৬ বছর অবহেলায় সরকারি জিপ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : প্রায় ২৬ বছর ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের চত্বরে পড়ে আছে একটি সরকারি জিপ। ২০০০ সাল থেকে জিপটি আর ব্যবহার করা হয়নি, সেটি পড়ে আছে একই জায়গায়। অথচ গাড়িটি ঠিক কোন সালের, কি মডেলের, এমনকি কত বছর সেখানে পড়ে আছে, তার সুনির্দিষ্ট তথ্য বর্তমান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে নেই।

সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে গিয়ে দেখা যায়, জীর্ণ গাড়িটি কয়েকটি টিনের ছাউনির নিচে পড়ে আছে। গাড়িটির চারপাশে ময়লা-আবর্জনা ও শুকনো পাতা জমে রয়েছে। দীর্ঘদিন একই জায়গায় পড়ে থাকায় গাড়ির নিচের অংশ দেবে গেছে।

বিভিন্ন অংশে মরিচা ধরে ক্ষয়ে গেছে। বাইরে থেকে দেখলে গাড়িটিকে আর সচল করার অবস্থায় আছে কি না, সেটিও বোঝার উপায় নেই। তবে কর্তৃপক্ষ বলছে, গাড়িটি যাতে আরও নষ্ট না হয়, সে জন্যই টিনের ছাউনি দেওয়া হয়েছে।

অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, এক সময় এ জিপটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ব্যবহারের জন্য ছিল। ২০০০ সালের দিকে নতুন গাড়ি পাওয়ার পর পুরোনো গাড়িটি অফিস চত্বরে রেখে দেওয়া হয়। এরপর প্রায় ২৬ বছর সেটি আর ব্যবহার হয়নি।

এত দীর্ঘসময় পড়ে থাকলেও গাড়িটির নিষ্পত্তি বা নিলামের প্রক্রিয়া শেষ হয়নি। ফলে সরকারি সম্পদটি একদিকে যেমন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে, অন্যদিকে এর কোনো আর্থিক মূল্য উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

গাড়িটির বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বলেন, গাড়িটি অনেক পুরোনো। আমি যখন এখানে এসেছি, তখন থেকেই এভাবে পড়ে থাকতে দেখছি। কত সাল থেকে পড়ে আছে, তা আমি বলতে পারব না।

ঠাকুরগাঁও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি আব্দুল লতিফ বলেন, সরকারি সম্পদ দীর্ঘদিন এভাবে পড়ে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার প্রশ্ন তৈরি করে। গাড়িটি সংরক্ষণের উপযোগী হলে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186915