বগুড়ার সোনাতলায় ২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, বগুড়ার সোনাতলা পৌর এলাকায় ২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ৪ সড়কে উন্নয়নমূলক কাজ চলছে। কাজগুলো শেষ হলে পৌরবাসীর জীবনযাত্রার মান আরও বৃদ্ধি পাবে।
সেই সাথে যোগাযোগের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে। তিনি আজ শনিবার (১০ অক্টোবর) বগুড়ার সোনাতলা পৌর এলাকার প্রেস ক্লাব-স্টেশন রোডের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, প্রভাষক নাছির উদ্দিন আঞ্জু, শফিকুল ইসলাম সাফি, পাকুল্লা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন, শিল্পী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ঠিকাদার আশরাফুল আলম, সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জিয়াউর রহমান জুয়েল, শাকিল রেজা বাবলা, সেলিম রেজা বাবলা, হাজী রাশেদুজ্জামান হান্নান, জুলফিকার রহমান, আজিজুল হক, বালুয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।
এরপর তিনি সোনাতলা পৌরসভায় সৌন্দর্য বর্ধনে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন। এছাড়াও তিনি সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ ও মধুপুর ইউনিয়ন মৎস্যজীবীদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186907