প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, আটক ৩
রাজধানীর আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন।

 
পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে নয়, বরং একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিষ্ক্রিয় করে।
 
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের ইবনে মিজান জানান, ককটেল নিক্ষেপের পর দুই আরোহী আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন বলে তথ্য পাওয়া গেছে।
 
তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। তবে রাতে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সব ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি।
 
বিস্ফোরিত না হওয়া ককটেলটি পরীক্ষা করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কোনো স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তার ভাষ্য, বস্তুটি অনেকটা পটকার মতো ছিল।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো স্পর্শকাতর স্থানের কাছে এ ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে ইবনে মিজান বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক এড়িয়ে লিংক রোড ব্যবহার করে ককটেল নিক্ষেপ করে চলে যায়। মূল সড়রকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকলেও তারা বিকল্প পথ ব্যবহার করেছে।
 
তিনি বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186895