যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত : প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। আজ শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর থেকে এ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
এসময় নীলক্ষেত ও নিউমার্কেট সংলগ্ন সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। বিক্ষোভ মিছিলে ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’,‘প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’,‘বিচার বিচার বিচার চাই, প্রশ্ন ফাঁসের বিচার চাই’ আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে যুব উন্নয়নে অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবি করেছেন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা।
জানা গেছে, পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করে কর্তৃপক্ষ। এরপর থেকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন পরীক্ষার্থীরা।
ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রত্যাশী বলেন, ‘নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্ন পাওয়ার এবং কক্ষ পরিদর্শকদের আসার কথা থাকলেও কেউ আসছিলেন না; বরং আমাদের পরীক্ষার নির্ধারিত সময় কেবল পার হয়ে যাচ্ছিল। এ নিয়ে আমরা সবাই বেশ বিভ্রান্ত ও উদ্বিগ্ন ছিলাম। বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও যখন সাড়ে ১১টার মধ্যেও পরীক্ষা শুরু হলো না, তখন আমরা কক্ষ থেকে বেরিয়ে আসি। এর কিছুক্ষণ পর স্যাররা এসে জানান যে পরীক্ষা হবে না।
তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমরা পরীক্ষা দেওয়ার আগেই ফেসবুকে দেখতে পাই যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রশ্ন বলে একটি প্রশ্নপত্র ঘুরছে। শেষ পর্যন্ত দেখলাম, ওই প্রশ্নটিই আসল ছিল। অথচ হঠাৎ করে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে বা একদিন আগেও আমাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি। তাছাড়া, অনেক শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে আসার কারণে তাদের দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়েছে, কেউ কেউ হোটেলে বা আত্মীয়ের বাসায় থেকেছেন। শিক্ষার্থীদের জন্য এটি চরম ভোগান্তির বিষয়।
তিনি দাবি জানিয়ে বলেন, অন্যান্য পরীক্ষায় এই ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা সাধারণত দেখা যায় না। কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। এটার বিরুদ্ধে প্রতিকার পাওয়ার জন্যই ছাত্র সমাজ আজ এখানে আন্দোলনে নেমেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186829