জলবায়ু পরিবর্তনের অভিঘাতে রংপুরে অ-অর্থনৈতিক খাতে ক্ষতি উপেক্ষিত

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে রংপুরে অ-অর্থনৈতিক খাতে ক্ষতি উপেক্ষিত

রংপুর জেলা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের অভিঘাতে রংপুর বিভাগে অ-অর্থনৈতিক খাতে ক্ষতি থাকছে উপেক্ষিত। প্রাকৃতিক দুর্যোগে অর্থনৈতিক খাতের পাশাপাশি অ-অর্থনৈতিক খাতকে গুরুত্ব না দিলে দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয় বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা।

গত বৃহস্পতিবার বিকেলে রংপুরে ইএসডিও সিলভার জুবিলি ভবনে উত্তর-পশ্চিম বাংলাদেশে জলবায়ুজনিত চাপের কারণে সৃষ্ট অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বোঝা ও তা মোকাবেলা শীর্ষক গবেষণার ফলাফল নিয়ে সেমিনারে এ মতামত দেন।

এতে ইএসডিও এবং হেলভেটাস বাংলাদেশের ‘জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ-অ্যাকসেস প্রকল্পের গবেষক খুলনা বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আতিকুল ইসলাম জানান, কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ও ভোগডাঙ্গা ইউনিয়ন, নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া ও বেরুবাড়ি ইউনিয়ন, উলিপুর উপজেলার ধরনীবাড়ি ও ধামশ্রেণি ইউনিয়নে ২৭৭টি পরিবারকে নিয়ে গবেষণা কার্যক্রম চালানো হয়েছে।

এতে গবেষণা এলাকায় গত ১০ বছরে বন্যা, খরা, নদী ভাঙন, শৈত্যপ্রবাহ, ঘূর্ণিঝড়, তাপদাহ, অতিবৃষ্টি, বজ্রপাত, শিলা বৃষ্টিতে অবকাঠামো, ফসল, ঘরবাড়ি, ফসলি জমি, গবাদী পশুসহ অন্যান্য সম্পদের বিপুল ক্ষয়-ক্ষতি হয়েছে। সেই সাথে অ-অর্থনৈতিক খাতের মধ্যে ৭২ ভাগ মানুষ যোগাযোগ ব্যবস্থা, ৬১ ভাগ শিক্ষা, ৫৮ ভাগ স্বাস্থ্যসেবা, ৪৭ ভাগ শারীরিক ও মানসিক স্বাস্থ্য, ৪৯ ভাগ মানুষ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন খাতের ক্ষতি নিয়ে জীবন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

সেমিনারে রংপুর বিভাগে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দূর্যোগ মোকাবেলায় নানা সুপারিশ তুলে ধরেন, রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম, সমাজসেবা রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সৈয়দা সিফাত জাহান, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186756