কুমিল্লার লালমাইয়ে ফসলি জমিতে ১৫ বছরের কিশোরীর মরদেহ, পাশে পরিত্যক্ত সিএনজি
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে।
স্থানীয় জগতপুর গ্রামের বাসিন্দা তমাল বনিক জানান, সকালে কাঁচিকাটা-হরিশ্চর বাজার সড়কের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সড়ক থেকে প্রায় ৫০ গজ দূরে ফসলি জমিতে গিয়ে আইলের পাশে এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তিনি বলেন, মরদেহটির গলায় গামছা পেঁচানো এবং মুখমণ্ডল মাটির দিকে চেপে রাখা অবস্থায় ছিল।
জান্নাতের বাবা আবদুল আলীম জানান, গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তার মেয়ে। এরপর বিভিন্ন সময়ে ফোনে যোগাযোগ করা হলে জান্নাত বান্ধবীর বাসায় আছে বলে জানায়।
তিনি বলেন, ‘বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে সে আমাকে মেসেজ ও লাইভ লোকেশন পাঠায়। সেখানে আমাকে এসে নিয়ে যেতে বলে। তখন আমি ঘুমিয়ে ছিলাম। পরে ভোরে মেসেজ দেখে ওই লোকেশনে গিয়ে মেয়ের মরদেহ উদ্ধারের বিষয়টি দেখতে পাই।’
সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লা ফেরদৌস জানান, ৪ অক্টোবর কুমিল্লা শহরে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে জান্নাত বাড়ি থেকে বের হয়েছিল। তবে পুলিশের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, সেদিন সে ব্রাহ্মণবাড়িয়ায় যায়। ৫ অক্টোবর কুমিল্লায় ফেরার পর আবার ভোররাতে কক্সবাজার যায়।
পুলিশের এই কর্মকর্তা জানান, ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে রওনা হয়ে রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকার নূরজাহান হোটেলের সামনে নামে জান্নাত। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা সিএনজিচালিত অটোরিকশায় একটি ভ্যানিটি ব্যাগ ও জামাকাপড় পাওয়া গেছে। নিহতের বাবা জামাকাপড় দেখে সেগুলো জান্নাতের বলে শনাক্ত করেছেন।
সহকারী পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে জান্নাতকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধারের সময় পরিচয় অজ্ঞাত ছিল। পরে পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৫ বছর। তার গলায় গামছা পেঁচানো ছিল।
তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186696