সাংবাদিকতার ক্ষেত্রে ঢাকার পরই বগুড়ার অবস্থান -এমপি বাদশা

সাংবাদিকতার ক্ষেত্রে ঢাকার পরই বগুড়ার অবস্থান -এমপি বাদশা

শহর প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বগুড়ায় সাংবাদিকদের চিকিৎসা সহায়তা ও অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। 

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এ বি এম রফিকুল ইসলাম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ এবং বগুড়া জেলা সিনিয়র তথ্য অফিসার মাহফুজার রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা জানান, বগুড়াকে দীর্ঘ ১৭ বছর উন্নয়ন থেকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা বগুড়ার ন্যায্য অধিকার চাই। পাকিস্তান আমলেও বগুড়া একটি শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল। সাংবাদিকতার ক্ষেত্রেও ঢাকার পরই বগুড়ার অবস্থান, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস বগুড়ায় ছিল। তাই পিছিয়ে পড়া বগুড়াকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে হবে। অপপ্রচারের মাধ্যমে বগুড়ার উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, সাংবাদিক বন্ধুদের এই অপপ্রচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।
অনুষ্ঠানে ৪টি জেলার মোট ২০জন সাংবাদিককে চিকিৎসা সহায়তা ও অনুদানের চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে বগুড়া জেলার ২ জন মৃত্যুজনিত কারণসহ ১০ জন, রাজশাহী জেলার ৮ জন, নওগাঁ জেলার ১ জন এবং সিরাজগঞ্জ জেলার ১ জন সাংবাদিক রয়েছেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, যুগ্ম-সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহ সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহমেদ প্রমুখ। 

পরে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়ার সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি এবং বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে রেজাউল করিম বাদশা এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারন সম্পাদক এইচ আলিম, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেরুল সুজন, বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাকিম রুমন ও সাধারন সম্পাদক এমদাদুল হক। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/186695